Sunday, 20 January 2013

আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী মধুমেলা

যশোর, ২১ জানুয়ারি : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী মধুমেলা। আজ সন্ধ্যা ৬টায় মধুমেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি। এবারের ‘মহাকবি মধুসূদন পদক’ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও মোবাইল কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় যশোর জেলা প্রশাসন সপ্তাহব্যাপী মধুমেলার আয়োজন করেছে।
আজ উদ্বোধনী দিনে সাগরদাঁড়ির মধুমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ ছাড়াও যশোর জেলার ৫ সংসদ সদস্য_ হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাব, অ্যাডভোকেট খান টিপু সুলতান, খালেদুর রহমান টিটো, রনজিৎ কুমার রায়, শেখ আফিলউদ্দীন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকি, যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এইচএম মুজাহারুল ইসলাম মন্টু, মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিসট্যান্ট ম্যানেজার শিবলী সাদিক, কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমানসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার এবারের মধুসূদন পদকের জন্য মনোনীত হয়েছেন। ২৫ জানুয়ারি সন্ধ্যায় মধুমঞ্চে তাকে ১ ভরি ওজনের স্বর্ণপদক, ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হবে। এছাড়াও এ দিন সন্ধ্যায় এমএম দত্ত শীর্ষক ওয়েবসাইট উদ্বোধন করা হবে।