রংপুর, ২০ জানুয়ারি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একই সময় ও একই স্থানে আওয়ামী লীগ, নাগরিক কমিটি সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শহীদমিনার/ জিরো পয়েন্ট ও এর আশেপাশের এলাকায় এ আদেশ বলবত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর জানিয়েছেন। জানা যায়, সাংবাদিক মিজানুর রহমান লুলু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও তার অনুসারীদের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করে । এ খবর প্রকাশ করায় আসাদুজ্জামান ও তার অনুসারীরা বৃহস্পতিবার রাতে সাংবাদিক লুলুকে মারধর করে ।
এ ঘটনায় লুলু বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয় । এদিকে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হওয়ায় শনিবার সাংবাদিক ও নাগরিক কমিটির ডাকে গঙ্গাচড়ায় অর্ধদিবস হরতাল পালিত হয়েছে । এছাড়াও এ ঘটনার প্রতিবাদে রোববার জিরো পয়েন্টে বিক্ষোভ ও সমাবেশ করার ঘোষণা করে সাংবাদিক ও নাগরিক কমিটির নেতারা। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগ একই সময়ে ও একই স্থানে আসাদুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো ধরনের নাশকতা এড়াতে উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর জানান, উভয়পক্ষ সেখানে সমাবেশ ডাকায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।তিনি আরও জানান, শহীদমিনার/ জিরো পয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে । গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথিশ কুমার জানান, পুলিশ উভয়পক্ষকে সমাবেশ না করার জন্য ১৪৪ ধারার কথা জানিয়ে দিয়েছেন। এরপরও যদি কেউ সমাবেশ করার চেষ্টা করে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। সাংবাদিক সমাজ ও স্থানীয় আওয়ামীলীগ মুখোমুখি অবস্থান নিয়েছে ।