২৮ জানুয়ারী : নিজস্ব প্রতিনিধি : স্কুল যাওয়ার পথে তুলে নিয়ে যাওয়ার উপর্যুপরি হুমকিতে দীর্ঘ এক মাস ধরে স্কুলে যেতে পারছে না এক স্কুল ছাত্রী। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও দুঃশ্চিন্তায় পড়েছেন ওই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকরা। সে (ছাত্রী) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে। গত ২৫ জানুয়ারি ছাত্রীর মা রাবেয়া বেগম মেয়ের নিরাপত্তা চেয়ে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। শনিবার (২৬ জানুয়ারি) ছাত্রী নিজে এলাকার বখাটে জসিম উদ্দিনের নামে বিদ্যালয় প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নুরুজ্জামানের মেয়ে রোকসানা আক্তারকে একই গ্রামের বখাটে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে স্কুল যাওয়ার পথে অপহরণের হুমকি ও উত্যক্ত করে আসছে। এ নিয়ে গত বছর ২৩ ফেব্রুয়ারি বখাটে জসিমকে অভিযুক্ত করে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জসিম গ্রেফতার হয়ে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে পুণরায় ওই ছাত্রীকে উত্যক্ত করে এবং অপহরণের হুমকি দেয়। সম্প্রতি জসিম ওই ছাত্রীকে তুলে নিয়ে যেতে বেশ কয়েকবার চেষ্টা করলে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় তাঁর পরিবার। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে রোকসানা অংশ নেয়ার কথা। কিন্তু বখাটে জসিমের ভয়ে বাড়ির বাহির হতে পারছেনা সে। পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের কোচিং ক্লাশেও অংশ নিতে পারছে না গত এক মাস ধরে। রোকসানার মা রাবেয়া খাতুন জানান, ‘আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাওয়ার পথে। এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্কুলের শিক্ষক ও থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। আগামী ৩ ফেব্রুয়ারি আমার মেয়ের পরীক্ষা, বখাটে জসিমের জন্য আমার মেয়েটা পরীক্ষাও দিতে পারবে না।’ মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ওই ছাত্রীর দেয়া অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এর আগেও বখাটে জসিম এই ছাত্রীকে স্কুলে আসার পথে উত্যক্ত করতো। সেবার পুলিশ তাকে গ্রেফতার করায় কিছুদিন মেয়েটা স্বস্তি¡তে স্কুলে আসা-যাওয়া করে। বর্তমানে তাঁর এসএসসি পরীক্ষা দেয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।’ ভূক্তভোগী ছাত্রী রোকসানা আক্তার জানান, ‘আমার মা আর আমি গ্রামের অনেকের কাছে বিচার চাইতে গিয়েও বিচার পাইনি। সবাই ওই সন্ত্রাসীকে ভয় পায়। আমি পরীক্ষা দিতে চাই। আমাকে আপনারা সাহায্য করুন।’
এ প্রসঙ্গে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত বখাটে জসিমকে আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
এ প্রসঙ্গে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) আনোয়ার হোসেন খান জানান, অভিযুক্ত বখাটে জসিমকে আমরা গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।